প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় মো. আব্দুস সালামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করে।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড নেওয়ার আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামি মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল ভোরে আগারগাঁও এলাকায় সালামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

