রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিকস বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআইর সম্পাদক মঈনুদ্দীন মিয়া এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পরিচালিত অভিযানে বসুন্ধরা সিটির আলমাস সুপার শপে বিএসটিআইর পরীক্ষণ ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিকস বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে চকলেট, ফ্লেভার ড্রিংকস, গুঁড়া দুধসহ বিভিন্ন শিশু খাদ্য বিক্রি হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউসে নিম্নমানের কসমেটিকস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে বিএসটিআইর পক্ষে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় সংস্থাটির কর্মকর্তা আহসান হাবিব খান সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
বিএসটিআই জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সংস্থাটি ভোক্তাদের কেনাকাটার সময় বিএসটিআই অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনারও আহ্বান জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

