সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে পুলিশ। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। এসময় রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১২ এপ্রিল এ মামলায় জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পিবিআই পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।

গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় মিছিলে অংশ নেন। এসময় ছাত্র-জনতার ওপর আসামিরা গুলিবর্ষণ শুরু করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত বছরের ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন