রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২টি ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


