নাসার নজরুলের বাড়ি-প্লট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নাসার নজরুলের বাড়ি-প্লট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫৫টি কোম্পানির ৫৬ কোটি ছয় লাখ ৫৮ হাজার শেয়ার অবরুদ্ধের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ সম্পদ জব্দ এবং শেয়ার অবরুদ্ধের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- গুলশান মডেল টাউনে বাণিজ্যিক প্লট ও প্লটস্থিত ১৪ তলা বিল্ডিং। যার বাজার মূল্য ৫০ কোটি টাকা। গুলশান মডেল টাউন আবাসিক এলাকার প্লট ও প্লটস্থিত ১৪ তলা বিল্ডিং। যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। মহাখালীতে চার কোটি টাকা মূল্যের দুই তলা বাড়ি, একই এলাকায় ছয় কোটি টাকা মূল্যের চার তলা বাড়ি, মহাখালীতে আরেকটি চার কোটি টাকা মূল্যের বাড়ি, তেজগাঁও শিল্প এলাকায় ৫০ কোটি টাকা মূল্যের তিন তলা ভবন রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন