নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী উম্মে জেবিন।
সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক অভিযোগপত্র জমা দেন উম্মে জেবিন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৬ মার্চ মাইদুল ইসলাম বাপ্পির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে প্রতারণার অভিযোগ থেকে রক্ষা পেতেই বাপ্পি তাকে বিয়ে করেন বলে দাবি করেন তিনি। বিয়ের পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।
উম্মে জেবিনের দাবি, বাপ্পি নিয়মিত মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য তাকে মারধর করেন। এছাড়া তার উপার্জিত অর্থ জোরপূর্বক নিয়ে নেশার পেছনে ব্যয় করেন এবং বিভিন্ন সময়ে টাকা ও একটি স্মার্টফোনও নিজের দখলে নিয়েছেন। যৌতুকের টাকা না দিলে পরিবারের সদস্যরা তাকে মেনে নেবে না বলেও চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি আরও অভিযোগ করেন, তাকে ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাইদুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, “অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। জেবিন আমার বিবাহিতা স্ত্রী। বিষয়টি আমাদের ব্যক্তিগত।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান জানান, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে জমা দিলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অভিযোগটি তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

