ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবসে ১৯৮৫ সালের জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে গভীর সমবেদনা জানানোর পাশাপাশি ক্যাম্পাসের বর্তমান ঝুঁকিপূর্ণ আবাসিক হলগুলো অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ছাত্র, কর্মচারী ও অতিথিসহ ৪০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই হৃদয়বিদারক স্মৃতিকে ধারণ করে প্রতিবছর দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শোক দিবস উপলক্ষে সেদিনের দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে ঢাবি ছাত্রশিবির।
একই সঙ্গে ক্যাম্পাসের বর্তমান অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখজনকভাবে এখনো সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের বেশ কয়েকটি ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ না নিলে যেকোনো সময় ফের বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনের অবকাঠামোগত উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানায় সংগঠনটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


