ঢাকা কলেজে হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ

ঢাকা কলেজে হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ

ঢাকা কলেজের আবাসিক হলপাড়া এলাকার আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে অবস্থিত ভুট্টোর হোটেলের খাবারে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সাইফুল ইসলাম শুভ নামের এক শিক্ষার্থী ওই হোটেলে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই শিক্ষার্থী জানান, খাবার খাওয়ার কিছুক্ষণ পর তিনি তরকারির মধ্যে সিগারেটের একটি অংশ দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেলের কর্মচারীদের ডেকে দেখান। এ সময় হোটেলের কয়েকজন কর্মচারীকে হাতে সিগারেট নিয়ে ধূমপান করতেও দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম শুভ বলেন, আমি গতকাল দুপুরে হোটেলে খাবার খেতে গিয়েছিলাম। খাবার খাওয়ার একপর্যায়ে লক্ষ্য করি, খাবারের মধ্যে সিগারেটের অংশ রয়েছে। সঙ্গে সঙ্গে হোটেলের সবাইকে ডেকে এনে বিষয়টি দেখাই। তখনও হোটেলের কিছু কর্মচারীকে হাতে সিগারেট নিয়ে টানতে দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই হোটেলের খাবারের মধ্যে পোকামাকড়, মাছ ধরার বড়শি ও বিভিন্ন ধরনের ময়লা পাওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় হোটেলটির খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত হোটেল মালিক ভুট্টো বলেন, বাবুর্চি সিগারেট খেয়ে টেবিলের ওপর রাখছিল। পরে সেটি ভাজির মধ্যে পড়ে যায়। পরে সাইফুল ভাই ভাজির মধ্যে সিগারেটের অংশ পান। পরবর্তীতে আমি আর ওই ভাজি বিক্রি করিনি। আমি বাবুর্চিকে বাদ দিয়েছি এবং সাবধান করে দিয়েছি। ভবিষ্যতে এরকম আর হবে না।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, বিষয়টি আমি এইমাত্র জানতে পেরেছি। আজ সারাদিন পার হয়ে গেলেও আমাদের কোনো হোস্টেল সুপার কিংবা কোনো শিক্ষার্থী বিষয়টি জানায়নি। বিষয়টি আগে জানানো হলে আজকের মধ্যেই আমরা এর একটি ব্যবস্থা গ্রহণ করতাম। এ ধরনের ঘটনা কোনো অবস্থাতেই হতে পারে না।

তিনি আরো বলেন, ভুট্টুকে আগামীকাল ডেকে আনা হচ্ছে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে এর আগেও বারবার সতর্ক করা হয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে ভালো মানের খাবারের ব্যবসা পরিচালনাকারীদের আনতে আমরা আগ্রহী। কিন্তু যারা ভালো ব্যবসা করেন, তারা ক্যাম্পাসের ভেতরে আসতে চান না।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন