গবেষণার গুণগত মান, প্রকাশনার নৈতিকতা এবং আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রবন্ধ প্রকাশের কৌশল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিনার ও সম্মাননা (রিকগনিশন) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ন্যাভিগেটিং একাডেমিক ইন্টিগ্রিটি: হাই-ইমপ্যাক্ট আর্টিকেল পাবলিকেশন অ্যান্ড দ্য রাইজ অব রিট্র্যাকশনস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানো নয়, বরং মানসম্মত ও নৈতিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশের মাধ্যমে একজন গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি, সাইটেশন ও পেশাগত উন্নতির সুযোগ লাভ করেন। বিপরীতে, নিম্নমানের বা ভুয়া (প্রিডেটরি) জার্নালে প্রকাশনা একজন গবেষকের একাডেমিক গ্রহণযোগ্যতা ধ্বংস করে দিতে পারে।
গবেষণার প্রাথমিক ধাপগুলোর ওপর আলোকপাত করে তিনি আরো বলেন, গবেষণা শুরুর আগেই গবেষণা প্রশ্নের নতুনত্ব, যৌক্তিকতা, তাৎপর্য ও গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে গবেষণায় পুনরুৎপাদনযোগ্যতা (রিপ্রোডিউসিবিলিটি) ও প্রকাশনার নৈতিকতা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শুধু রাজনীতি নয়, বরং গবেষণা ও বিজ্ঞানভিত্তিক কাজে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের প্রতিদ্বন্দ্বী নয়; বরং সঠিক ও নৈতিক উপায়ে ব্যবহার করতে পারলে এটি আমাদের সেরা সহকারী হিসেবে শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে।
ইউটিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ এবং ইউটিএলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
সেমিনার শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএল আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাধারণ সম্পাদক এবং ক্যাম্পাস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




