শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৪ হাজারের বেশি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৪ হাজারের বেশি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই প্রথম ধাপে দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-তে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়োগের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ২৯টি। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতা যাচাই করে চূড়ান্ত কর্মী বাছাই করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণ এবং নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

পরবর্তী সময়ে ৮ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে। বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করবে না; নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।

রাশেদুল হক জানান, নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। অর্থাৎ ‘জিরো মিনস জিরো’। নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।

এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তর, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...