সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের ‘অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে’ তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে ৫ সদস্যের কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত চিঠিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমির, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা) নাফিসা আরেফীন, একই বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান।
কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে-জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রেরণ করতে হবে। কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।
উল্লেখ্য, বকেয়া বেতন ও সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে গত রোববার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। দাবি আদায়ে গত সোমবার তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেডের জরুরি সভায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মধ্যরাতে পুলিশ প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক এসএম আমানুল্লাহ।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। তবে ওই বৈঠকে কোন সমাধান আসেনি বলে আন্দোলনকারীরা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


