সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে ইডেন মহিলা কলেজের বকুলতলায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তারা। এর আগে, বিক্ষোভ মিছিল করে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে রোববার সন্ধ্যায় রামপুরা এলাকায় মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।
ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে ‘নিরাপত্তা আন্দোলন’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এসব কর্মসূচিতে বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও তারা উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

