চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর

চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর
চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। এরআগে, গতকাল মঙ্গলবার থেকে ভিসি পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিক থেকে শুরু হয় গণস্বাক্ষর কর্মসূচি। বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক ‘শাটডাউন’সহ ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন