শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রতিনিধি, রাবি

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রীসংস্থা রাবি শাখা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একইসঙ্গে তারা দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, “এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে আমরা কীভাবে আমাদের সন্তানদের বড় করবো, কীভাবে নিরাপদে রাখবো? যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না, সেখানে দেশের কল্যাণে কাজ করবো কীভাবে?”

তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান শাস্তি কার্যকর করতে হবে, যাতে সমাজে দৃষ্টান্ত তৈরি হয়।

মানববন্ধনে মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, “সাত বছরের শিশু রামিসাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এর আগেও তনুসহ অনেক নারী ও শিশু একইভাবে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু নিরাপত্তা ও বিচার নিশ্চিত না হওয়ায় এসব ঘটনা থামছে না।”

তিনি আরও বলেন, সরকার নারী ও শিশুদের নিরাপত্তার কথা বললেও বাস্তবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, “দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নারী ও শিশুরা নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। শিশু রামিসা হত্যাকাণ্ড তারই একটি নির্মম উদাহরণ। আমরা এ হত্যাকাণ্ডের সুস্পষ্ট ও দ্রুত বিচার চাই।”

তিনি অভিযোগ করেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় মামলা ও গ্রেপ্তার হলেও অধিকাংশ ক্ষেত্রে দৃশ্যমান বিচার নিশ্চিত হয় না। বিচারহীনতার সংস্কৃতি এবং নৈতিকতাবিবর্জিত শিক্ষা ব্যবস্থা এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে নারী শিক্ষার্থীদের পাশাপাশি শাখা ছাত্রীসংস্থার বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...