শিক্ষার্থীদের পাঁচ হাজার কুরআন উপহার দিল ছাত্রশিবির

শিক্ষার্থীদের পাঁচ হাজার কুরআন উপহার দিল ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঁচ হাজার কুরআন বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে এই কর্মসূচিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, শাখা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চবি শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসু ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের এ কর্মসূচি গত ১৫ সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য করা হয়নি। পাশাপাশি গতকাল রোববার নোয়াখালীতে ছাত্রশিবিরের কুরআন ক্লাসে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসবের প্রতিবাদে আমরা কুরআন বিতরণ করছি।

তিনি বলেন, আমাদের টার্গেট হচ্ছে পাঁচ হাজার কোরআন বিতরণ করা। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার কোরআন বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের কোরআনের প্রতি যে আগ্রহ তা আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি, সামনের দিনে এমন আয়োজন আমরা অব্যাহত রাখতে পারব।

ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন, ছাত্রশিবিরের এ ধরনের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে আসার পর পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই। এ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতিও অনুশাসনের দিকে ফিরে আসতে পারব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন