শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা

শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিডার্স ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। তবে তাকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠান থেকে তাকে বাদ দিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা জুলাই গণ-অভ্যুত্থানকে ‘স্ক্যাম’ হিসেবে অভিহিত করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। এমন একজন ব্যক্তিকে নিজেদের ক্যাম্পাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে জাবের বিন নুর আরও লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত, ঘাম ও জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ের সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসেছিলেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা।

তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি ড্যাফোডিলসহ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্গীকার এখনো অটুট রয়েছে। জুলাইবিরোধী অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ডিআইইউ রিডার্স ক্লাবের প্রোগ্রামের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে আমাদের প্রোগ্রামের গেস্ট হিসেবে রাখি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মহলে এবং শিক্ষার্থীদের মধ্যে নানা সমালোচনার কারণে আমরা ম্যামকে প্রোগ্রাম থেকে বাদ দিই। অন্য অতিথিদের নিয়েই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন