শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এইচএসসি পরীক্ষার প্রশ্ন তিনবার ছাপানোর পর চূড়ান্ত করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনী অনু্ষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর ফের পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার চিন্তা করা হচ্ছে।
গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। সেখানে ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হন, সেদিকে লক্ষ রেখে আমরা আগামী দিনে কাজ করব। এবার এইচএসসি ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


