বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

আগামী বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ এবং ডাকসুসহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি সঞ্জয় কান্তি দাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক।

বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাসমূহ যেমন সাম্য হত্যাকাণ্ড, নারী শিক্ষার্থীকে হেনস্তা, শেখ হাসিনার মোটিফ পোড়ানোসহ নানা ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এ সংস্কৃতি দূর করতে ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচন অনিবার্য।’

সঞ্জয় কান্তি দাশ বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ও দখলদারিত্বে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে 'জাতীয় শিক্ষাক্রম ২০২১' প্রণয়ন করা হয়েছে। শিক্ষা সংস্কারের দাবি দীর্ঘদিনের হলেও এখনো ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠিত হয়নি।’

সমাপনী বক্তব্যে সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি, বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে। গবেষণা, একাডেমিক অবকাঠামো ও আবাসন সংকটে জর্জরিত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনে এ বরাদ্দ অত্যন্ত জরুরি। এছাড়া ১৯৯০ সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। অবিলম্বে ডাকসুসহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।’

সমাবেশ শেষে মিছিল ও কর্মসূচির মাধ্যমে তাদের দাবি পেশ করেন সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন