২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৩২ জন ছাত্র এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন ৬০৫ জন, যা জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হিসেবে ৬৪ দশমিক ৯১ শতাংশ।কলেজটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস এবং কলেজের সুদক্ষ অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বের যথাযথ দিকনির্দেশনা।
পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে ‘গ্রুপ টিচার’ ব্যবস্থা প্রবর্তন, গ্রুপ টিচারদের মাধ্যমে ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদান ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এইচএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


