রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়।
সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
তিনি বলেন, কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেছি। অবশেষে আজ সন্দেহভাজন দুজনকে আটক করা সম্ভব হয়েছে। পরবর্তীতে কিছুক্ষণ আগেই ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় মোট তিনজনকে আটক করল রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
তিনি আরো জানান, আটককৃতদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে অন্য কোনো চক্র বা ইন্ধনদাতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কয়েক দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট ও পাথর নিক্ষেপের একাধিক অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং স্টেশনের আশপাশের কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

