২৪ ঘণ্টারও বেশি সময় পর ভেসে উঠল কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের লাশ।
বুধবার সকালে কক্সবাজার সমিতিপাড়ার সমুদ্র সৈকতে তার লাশ পাওয়া যায়। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।
আসিফ আহমেদের লাশ পাওয়ার বিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত বলেন—খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন—‘এটি আসিফ আহমেদেরই মরদেহ।’
এর আগে সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ৩ শিক্ষার্থী। তারা হলেন—কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ।
এর মধ্যে মঙ্গলবার সকালেই কে. এম. সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নিখোঁজ ছিল। বুধবার সকালে আসিফের মরদেহ ভেসে উঠলো। তবে এখনো নিখোঁজ আছেন অরিত্র হাসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


