জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বিজ্ঞাপন

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা যাবে না।”

তিনি আরও বলেন, “অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন