ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার অপরাধ, সাইবার বুলিং বা ব্যক্তিগত চরিত্রহননের প্রচেষ্টা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং বেড়ে যাওয়ায় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল সক্রিয় থাকবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তারা বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সাইবার বুলিং বা অপপ্রচারের কোনো সুযোগ দেওয়া হবে না।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী প্রার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


