কুয়েটে ভিসি পদত্যাগের অপচেষ্টা ব্যাহত করবে শিক্ষার পরিবেশ

কুয়েটে ভিসি পদত্যাগের অপচেষ্টা ব্যাহত করবে শিক্ষার পরিবেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের অপচেষ্টা ক্যাম্পাসের পরিবেশ ব্যাহত করবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি।

বিজ্ঞাপন

শনিবার শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় শিক্ষক ও শিক্ষার্থী আহত হওয়া এবং এর জেরে কিছু শিক্ষার্থী কর্তৃক ভাইস-চ্যান্সেলরসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার অভিযোগে একজন শিক্ষককে লাঞ্ছিত করা কোন পরিস্থিতিতেই শিক্ষকবৃন্দ মেনে নেবে না। এহেন ঘৃন্য আচরণ কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের দ্বারা সংঘটিত হওয়া কোনভাবেই সম্ভব নয়। এর নেপথ্যে কুচক্রী, স্বার্থান্বেষী মহল তথা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের চক্রান্ত জড়িত রয়েছে। ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়ার পরও যথাসময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা না করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুস্পস্ট ব্যাখ্যা দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি আরো উল্লেখ করে, জুলাই অভ্যুত্থানের পর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্যাম্পাসে সৃষ্ট অরাজকতা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ যখন একযোগে কাজ করছে তখন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে ফ্যাসিস্টের দোসররা উস্কানিমূলক কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন