ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

প্রতিনিধি, ঢাকা কলেজ

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘ঈদ-ই-ইখওয়ান’ শীর্ষক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।

বৃহস্পতিবার দুপুর ২টায় কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, ঈদের ছুটিতে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে বাড়ি যেতে পারেন না। তাদের মধ্যে পারিবারিক উষ্ণতা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজন ঘিরে ক্যাম্পাসে ছিল প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের হাসি-আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আয়োজকদের প্রচার বার্তায় বলা হয়, ‘মিরপুর রোডে জ্যাম নাই, চন্দ্রিমা উদ্যানের ভিড় নাই; কিন্তু ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় আড্ডার কোনো কমতি নাই। আম্মুর হাতের রান্না মিস করছেন? কোনো চাপ নেই, ভাইদের সঙ্গে ঈদ-ই-ইখওয়ানের মধ্যাহ্নভোজ সেই দুঃখ ভুলিয়ে দেবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পরিবারের বাইরে থেকেও ক্যাম্পাসে এমন আয়োজন তাদের মধ্যে ঈদের অনুভূতি তৈরি করেছে। বিশেষ করে যারা আর্থিক, ব্যক্তিগত কিংবা দূরত্বজনিত কারণে বাড়ি যেতে পারেন না, তাদের জন্য এমন আয়োজন মানসিক স্বস্তি ও পারিবারিক উষ্ণতার অনুভূতি তৈরি করেছে। তারা জানান, ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ শুধু খাবারের আয়োজন নয়; বরং এটি ছিল ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ।

রাকিবুল নামে এক শিক্ষার্থী বলেন, ‘সংগঠনটি দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদকে কেন্দ্র করে এই মধ্যাহ্নভোজ সেই সম্পর্ককে আরও গভীর করেছে। পরিবারের বাইরে থেকেও আজ মনে হয়েছে আমরা একা না। বড় ভাইদের আন্তরিকতা ও আপ্যায়নে ক্যাম্পাসটাই পরিবারের মতো মনে হয়েছে।’

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, ‘ঢাকা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। ঈদের সময় অনেক শিক্ষার্থী নানা কারণে পরিবারের কাছে যেতে পারে না। তাদের একাকীত্ব দূর করে ক্যাম্পাসে যেন ঈদের আনন্দ ও পারিবারিক আবহ তৈরি হয়, সেই ভাবনা থেকেই আমাদের এই ‘ঈদ-ই-ইখওয়ান’ আয়োজন।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। শিক্ষার্থীদের সুখ-দুঃখ, সংকট ও অনুভূতির জায়গাগুলোকে গুরুত্ব দিয়েই ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের একটি সুন্দর বন্ধন তৈরি করতে চেয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব আয়োজনের মাধ্যমে আমরা সবার পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।’

এছাড়া কলেজটির শিবির সেক্রেটারি সাইমুন ইসলাম সানি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য।

শিবির সেক্রেটারি আরো বলেন, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে সুন্দর ও ভ্রাতৃত্ব-পূর্ণ ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন