ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পাল্টাপাল্টি শোডাউন ও আনন্দ র্যালিতে অংশ নিচ্ছেন রাবি ব্রাজিল ফ্যানস ক্লাব ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা।
রোববার ভোর ৪টায় ব্রাজিল ও মরক্কোর ম্যাচে উপচে পড়া ভিড় দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে রাবি ছাত্রদল ও হবিবুর মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করে রাকসু। এতে বিভিন্ন হল ও মেস থেকে দলে দলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন তারা।
এর আগে গতকাল শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় ব্রাজিল সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এবং আর্জেন্টিনা সমর্থকরা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে পৃথক র্যালি বের করেন। পরে র্যালিগুলো ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।
র্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকদের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি, ব্রাজিলের ঘাঁটি’, ‘তুমি কে, আমি কে—ব্রাজিল, ব্রাজিল’ এবং ‘হেক্সার স্বপ্ন এবার পূরণ হবেই’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্য করেও বিভিন্ন স্লোগান দেন তারা।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের ‘জিতবে কারা—আর্জেন্টিনা’, ‘রাবির মাটি, আর্জেন্টিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
র্যালিতে অংশ নিয়ে ব্রাজিল সমর্থক তাসনিয়া তিথি বলেন, “বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আজ অনেক ভালো লাগছে। সেই আনন্দ থেকেই আমরা র্যালির আয়োজন করেছি। আশা করি এবার আমাদের মিশন হেক্সা সফল হবে।”
আরেক সমর্থক রফিকুল ইসলাম বলেন, “ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি। সব সমীকরণকে পেছনে ফেলে এবার আমরাই বিশ্বকাপ ঘরে তুলব, ইনশাআল্লাহ।”
রাবি ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ বলেন, “আগামীকাল ভোরে আমাদের প্রিয় দলের প্রথম ম্যাচ। তাই দলকে স্বাগত জানিয়ে এই মিলনমেলা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।” তিনি আরও বলেন, “ক্যাম্পাসজুড়ে এখন বিশ্বকাপের আমেজ। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে।”
এদিকে ব্রাজিল সমর্থকদের শোডাউনের জবাবে ক্যাম্পাসে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরাও। তাদের দাবি, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই আবারও শিরোপা ধরে রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং সমর্থনের নানা আয়োজন।
আর্জেন্টিনা সমর্থক মো. রাশেদুল ইসলাম বলেন, “আমরা আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাই আমাদের বাড়তি কিছু প্রমাণ করার নেই। প্রত্যেক দলেরই নিজস্ব শক্তি ও সমর্থকগোষ্ঠী রয়েছে। আর্জেন্টিনা দল হিসেবে সবসময় ঐক্যবদ্ধভাবে খেলে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ, এবারও আমরা শিরোপা ধরে রাখতে সক্ষম হব।”
বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসে তৈরি হওয়া এই উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করেছে। খেলা ঘিরে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন রাবির শিক্ষার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

