প্রকৃতি সংরক্ষণের বার্তায় জাবিতে হয়ে গেল প্রজাপতি মেলা

প্রকৃতি সংরক্ষণের বার্তায় জাবিতে হয়ে গেল প্রজাপতি মেলা

প্রজাপতির অবাধ বিচরণ আর প্রকৃতি সুরক্ষার বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজাপতি মেলা ২০২৬’। মেলার উদ্বোধন করে উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধের আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ফেলা বন্ধ করতে হবে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনতে হবে। কেননা প্রকৃতি সংরক্ষণ আমার জীবনের সুরক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।

আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় হন মাসুক আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু।

এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ব্রডকাস্ট ক্যাটাগরিতে পুরস্কার পান এনটিভির আকিব সুলতান অর্ণব। প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কৃত হন যায়যায়দিনের ওসমান সরদার ও ইত্তেফাকের বেনজির হোসেন। ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পান বণিক বার্তার আতাউর রহমান ও নিউ এজের সাগর হোসাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন