চব্বিশের অভ্যুত্থানে শহীদ-আহত পরিবার ঢাবি ভর্তিতে পাবে বিশেষ সুবিধা

চব্বিশের অভ্যুত্থানে শহীদ-আহত পরিবার ঢাবি ভর্তিতে পাবে বিশেষ সুবিধা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির ক্ষেত্রে এই সুবিধা শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যারা পাবেন। প্রয়োজনে ভাই বা বোনও এই সুবিধার আওতায় আসতে পারবেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদন করলে শুধু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এই বিশেষ সুবিধা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশেষ সুবিধার ধরন সম্পর্কে তিনি বলেন, ‘কেউ যদি পাশ করেও সিরিয়াল নম্বর অনুযায়ী অনেক পিছনে থাকে, তবে আবেদন করলে তাকে বিশেষ বিবেচনায় ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হতে পারে।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন