জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহীদ মো. ইকরামুল হক সাজিদের স্মৃতিকে অম্লান রাখতে জবির নতুন একাডেমিক ভবনের নামকরণ করা হয় ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’। কিন্তু নামকরণের ১১ মাস পেরিয়ে গেলেও ভবনটিতে স্থায়ী কোনো নামফলক বসানো হয়নি। শিক্ষার্থীরা বলছেন, এটি শহীদের প্রতি চরম অবহেলার নিদর্শন।
মিরপুরে আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন সাজিদ। মাথায় ঢুকে বুলেটটি তার চোখের পেছনে আটকে যায়। পরে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সিএমএইচে ভর্তি করা হয় তাকে। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি মারা যান ১৪ আগস্ট দুপুরে।
শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করতে ১৫ আগস্ট শিক্ষার্থীরা নিজেরাই নতুন ভবনে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’ লেখা ব্যানার সাঁটান। এরপর ভবনটির নামকরণ অনুমোদনের আবেদন করা হয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কোষাধ্যক্ষের কাছে।
পরবর্তীতে সিন্ডিকেট সভায় ভবনটির নাম ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’ হিসেবে অনুমোদিত হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী নামফলক লাগানো হয়নি।
জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারবিরোধী সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন মো. ইকরামুল হক সাজিদ। অথচ তার নামেই স্থায়ীভাবে একটি ফলক বসাতে এত দীর্ঘসূত্রিতা দুঃখজনক।
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “একজন শহীদের নামে স্থায়ী ফলক লাগাতে ১১ মাস লেগে যাচ্ছে, এটা প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমরা দাবি জানাচ্ছি, জুলাইয়ের আগেই নামফলক স্থাপন করতে হবে এবং শহীদ সাজিদের স্মরণে প্রশাসনের উচিত আরও পদক্ষেপ নেওয়া।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, “নামটি সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। নামফলকের বিষয়ে প্রধান প্রকৌশলী বলতে পারবেন।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হেলালউদ্দিন পাটোয়ারী বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নামকরণ 'শহীদ সাজিদ একাডেমিক ভবন' করার আবেদনটি সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে। আমরা খুব শীগ্রই পিতলখচিত স্থায়ী নামফলক লাগিয়ে দেবো।
তবে ধীরগতির কারণ ব্যাখ্যা করে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বিগত প্রশাসনের ফেলে যাওয়া অনেক কাজ আমাদের এখন শেষ করতে হচ্ছে। এ কারণেই কিছু দেরি হচ্ছে। তবে সবকিছুই আমরা ধাপে ধাপে সম্পন্ন করছি।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

