২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন ও ধাওয়ার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে স্মরণ করে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রতীকী ধাওয়া কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে তারা বিজয় ২৪ হলের সামনে জড়ো হন। পরে কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের প্রতীকী চরিত্র হিসেবে সাজিয়ে তাদের ধাওয়া দেওয়ার মাধ্যমে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ ও আহতদের স্মরণ করেন। পরে মিছিলটি আবার বিজয় ২৪ হলের সামনে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, ১৬ জুলাইকে তারা ‘ছাত্রলীগমুক্ত দিবস’ হিসেবে স্মরণ করছেন। জুলাই আন্দোলনের স্মৃতি, শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং ক্যাম্পাসে ভয়, সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থানের বার্তা দিতেই এ প্রতীকী ধাওয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “এই দিনে ধাওয়ার মুখে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যেতে বাধ্য হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করেই আজ ‘দে ধাওয়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।”
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “দুই বছর আগে যে ছাত্রসংগঠন শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, তারা কীভাবে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছিল, আজকের আয়োজনের মাধ্যমে সেটির প্রতীকী উপস্থাপন করা হয়েছে। এরপর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আর আগের মতো সক্রিয় হওয়ার সুযোগ পায়নি।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের দিনগুলো আমাদের ইতিহাসের অংশ। এসব দিনের স্মৃতি ধরে রাখতে আমরা প্রতিবছর তা স্মরণ করতে চাই।”
বিজয় ২৪ হলের ভিপি রাসেল মিয়া বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল। আজকের আয়োজন সেই ঘটনার প্রতীকী পুনর্নির্মাণ। সেদিন বঙ্গবন্ধু হল, মতিহার হল ও শেরে বাংলা হল থেকে প্রথমে সন্ত্রাসীদের প্রতিহত করা হয়েছিল। পরে তারা জিয়া হলে গিয়ে অবস্থান নেয়।”
তিনি আরও বলেন, “আজকের প্রতীকী ম্যারাথনে ছাত্রলীগের তৎকালীন কয়েকজন নেতার প্রতীকী চরিত্র তুলে ধরা হয়েছে। তাদের প্রতীকীভাবে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়নের ঘটনাটি স্মরণ করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তৎকালীন ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল গালিবসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাস ছেড়ে চলে যান। ওই ঘটনার স্মরণেই শিক্ষার্থীরা এ প্রতীকী ধাওয়া কর্মসূচির আয়োজন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

