চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে এসি স্থাপন ও চট্টগ্রাম শহরে একটি নতুন লাইব্রেরি চালুর দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান জিএস সাঈদ বিন হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা এবং নির্বাহী সদস্য সোহান ও আদনান শরীফ।
লিখিত বক্তব্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে চবির কেন্দ্রীয় লাইব্রেরিতে এসি স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক লাইব্রেরি স্থাপন করতে হবে। স্থায়ী ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে অস্থায়ী লাইব্রেরি হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করতে হবে।
চাকসুর পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ লিখিত বক্তব্যে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব লাইব্রেরি গড়ে তুলতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ব্যক্তিগত বই নিয়ে পড়াশোনার সুবিধায় আলাদা রিডিং কর্নার চালু করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লাইব্রেরিতে জেনারেটর স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ছাত্রীদের জন্য পৃথক ও প্রশস্ত নামাজ কক্ষের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওয়াশরুম ও ওযুখানার কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। লাইব্রেরির পাশেই বৃহৎ ওপেন স্টাডি স্পেস তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে।
এ ছাড়া নতুন লাইট ও ফ্যান সংযোজন, চেয়ার-টেবিল স্থাপনের মাধ্যমে আসনসংখ্যা বৃদ্ধি, লাইব্রেরির সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা এবং শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় কপি শপ চালু করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

