জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দল।
মঙ্গলবার (৪ আগস্ট) সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান সাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে দাবি করা হয়, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কয়েকজন সদস্যসহ কিছু শিক্ষার্থী বিনা অনুমতিতে অডিটোরিয়ামে প্রবেশ করে প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করেন। প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরা বাধা দিলেও তারা প্রবেশের চেষ্টা চালিয়ে যান, যা অনুষ্ঠানের পরিবেশ ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং অতিথিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।
সাদা দলের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার জেরে পরে ধস্তাধস্তি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। অনভিপ্রেত এ ঘটনার জন্য সাদা দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

