পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

একই টুর্নামেন্টে দুই ভিন্ন ছবি বাংলাদেশের হকিতে। অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে পুরুষ দল হেরে চললেও নারী দল এগিয়ে চলেছে দারুণ ছন্দে। চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করার পর এবার পাকিস্তানকেও ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে টানা দুই জয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

চীনের মকিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও পুরুষ দলের মতো সমস্যায় পড়েনি নারী দল। প্রথম দুই কোয়ার্টারেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। পাকিস্তানের রক্ষণ ভেঙে প্রথমার্ধে দুটি গোল তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মেয়েরা।

বিরতির পর বাংলাদেশের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। তৃতীয় কোয়ার্টারে আরও দুইবার পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ। পাকিস্তানও একটি গোল শোধ করে ব্যবধান কমানোর চেষ্টা করে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি বাংলাদেশ।

শেষ কোয়ার্টারেও আক্রমণ অব্যাহত রাখে লাল-সবুজের দল। আরও একটি গোল করে ব্যবধান ৫-১ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও বড় জয় পাওয়ায় টুর্নামেন্টে দারুণ অবস্থান তৈরি করেছে বাংলাদেশ নারী দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন