জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অসচ্ছল নারী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলে পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জবি ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। আর্থিক সহায়তা দিয়ে তিনি শিক্ষার্থীর সেমিস্টার ফি ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে সহায়তা করেছেন।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর বাবা মৃত এবং পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। মা দিনমজুরের কাজ করেন। পাঁচ ভাইবোনের পরিবারে টানাপোড়েন চলছিলো শুরু থেকেই। মায়ের সামান্য আয় দিয়ে পড়াশোনা ও জীবিকার খরচ চালানো হলেও সম্প্রতি মা অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। ধার-দেনা ও প্রতিবেশীদের সাহায্যে এতদিন কোনোমতে টিকে ছিলেন তিনি, কিন্তু সেমিস্টার ফি ও দৈনন্দিন খরচ মেটানো হয়ে পড়েছিল অসম্ভব।
এ অবস্থায় শিক্ষার্থীটি আসাদুজ্জামান আসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলেন, “টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আসলাম ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।”
আসাদুজ্জামান আসলাম বলেন, “সাবেক জবিয়ান হলেও আমার ক্যাম্পাসের ভাই-বোনদের প্রতি দায়িত্ববোধ আছে। যখন জানতে পারলাম বোনটি আর্থিকভাবে সমস্যায় আছে, তখন সাধ্যমতো সহায়তা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বড় পরিসরে মানুষের পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, এর আগে তিনি কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করে সামনের সারির এক যোদ্ধা হিসেবে পরিচিতি পান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

