আওয়ামী লীগ এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে—এমনটা কোনো গোয়েন্দা সংস্থাও ধারণা করেনি বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, “আল্লাহ যা চান, তাই হয় এবং আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। আওয়ামী লীগ কি চিন্তা করছিল তারা এভাবে পালিয়ে যাবে? পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাও চিন্তা করেনি যে আওয়ামী লীগ এইভাবে পালিয়ে বিদায় নেবে।”
১৯৭৫ সালের ঘটনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ওই সময় অল্প কয়েকজন কর্মকর্তা বড় একটি ঘটনা ঘটিয়েছিলেন। তার দাবি, শেরে বাংলা নগরে রক্ষীবাহিনী অবস্থান করলেও তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেনি।
তিনি বলেন, “সেই রক্ষীবাহিনী কিন্তু টু শব্দ করেনি, একটা ফায়ারও করেনি যখন শুনল শেখ মুজিবকে মেরে ফেলছে, তার পরিবারকে মেরে ফেলছে, তারা কিন্তু টু শব্দ করেনি।”
নিজের রাজনৈতিক জীবনের আরেকটি ঘটনা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে সিঁড়ি থেকে পড়ে তার হিপের ক্যাপ ভেঙে যায়। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে যাওয়ার পরদিনই তৎকালীন সরকার তাকে বিদেশে যেতে না দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি জারি করে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে অবস্থান করার কারণে তৎকালীন সরকারের গ্রেপ্তার, অত্যাচার ও যন্ত্রণা থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। এ ঘটনাকে তিনি আল্লাহর অশেষ রহমত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আমার নবীর মহব্বতে আমি আমার নবীর জন্মদিন পালন করব, আমি এখানে আলোচনা সভা করব, আমি মিলাদ করব, আমি পুরস্কার বিতরণ করব। আমি মনে করি এটা আমার আনন্দের উপলক্ষ। আপনি বাধা দিয়েন না। আপনি করবেন না। আপনার করার দরকার নাই। আপনাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই।”
এর আগে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

