চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর

চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর
চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। একই সঙ্গে দাবি আদায়ের পক্ষে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিক থেকে শুরু হয় গণস্বাক্ষর অভিযান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবির সঙ্গে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীবান্ধব উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক ‘শাটডাউন’সহ ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা, যা ছুটির দিনেও অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন