ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার বিকেলে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়।
এসময় তারা আগামী দিনের রাজনৈতিক ফয়সালা হবে একাত্তর এবং চব্বিশের গণহত্যাকারী সংগঠন বাদ বলে ঘোষণা করেন।
'বিচার বিচার বিচার চাই -সাম্য হত্যার বিচার চাই', 'আমার ভাইয়ের রক্ত -বৃথা যেতে দেব না', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই' ইত্যাদি বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে।
প্রতিবাদ সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী সাম্যকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনতিবিলম্বে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
তিনি আরো বলেন, যারা বলে একাত্তর এবং চব্বিশের যে সাপের একই বিষ তাদেরকে বলতে চাই আগামী দিনের রাজনৈতিক ফয়সালা হবে একাত্তর এবং চব্বিশের গণহত্যাকারী সংগঠন বাদ দিয়ে এবং তাদেরকে বাংলাদেশের মাটিতে বিন্দু পরিমাণ রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।
সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোনো সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোনো হত্যাকারীর ঠাঁই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে রাজপথে থাকি। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেপ্তার সহ বিচার করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা রাবি শাখা ছাত্রদল।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

