ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা যথাযথভাবে অনুধাবন করে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আগামী রোববার (১৬ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করা হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ছকে মতামত দিতে হবে। প্রাপ্ত মতামত যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখিত নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়ার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করে। মতামত সংগ্রহের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এদিকে, মতামত গ্রহণের জন্য নির্ধারিত ছকে শিক্ষার্থীদের নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের তথ্যের পাশাপাশি—‘আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সম্মত আছেন?’—এ প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনের মাধ্যমে তাদের মতামত দিতে পারবেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


