যেখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, সেখানে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক: ছাত্রদল

যেখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, সেখানে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক: ছাত্রদল

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সমান সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, বিভিন্ন হলে স্বতন্ত্র প্রার্থীদের অভিনব প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় নির্বাচন কমিশনকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সংগঠনটির প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, যেখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, সেখানে যথাযথ ব্যবস্থা নিক কমিশন। হলে হলে গুপ্ত সংগঠন ডামি প্রার্থী দিচ্ছে, যা আমাদের ওপর মব করানোর সম্ভাবনা তৈরি করছে।

তিনি আরো অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চলছে। বিশেষ করে নারী প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানো হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। “ছাত্রদলের নারী প্রার্থীদের নিয়ে কুৎসিত মনোভাব থেকে সবাইকে সরে আসার আহ্বান জানাই,” বলেন আবিদুল।

জিএস প্রার্থী তানভীর বারী হামীম জানান, ৫ আগস্টের পর থেকে শিবির-জামায়াত নারী প্রার্থীদের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালাচ্ছে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, এসব কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার।

ব্রিফিংয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল আরো অভিযোগ করে, সম্প্রতি এক স্বতন্ত্র ঐক্যজোট প্রার্থী অতীতে ছাত্রদলের ওপর হামলায় জড়িত ছিলেন। এ ধরনের প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও দাবি তাদের।

“আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের পর যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেটিকে আমরা সুষ্ঠুভাবে করতে চাই। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে এখনই দৃশ্যমান উদ্যোগ নিতে হবে,” বলেন আবিদুল ইসলাম খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন