জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।
এর আগে মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, তিনি চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালানোর চেষ্টা করলে নিশানকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্যমতে, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।
কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালানো হয়েছে। আসামি ও অস্ত্র-গুলি আইনগত ব্যবস্থা নিতে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

