‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
রোববার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস, কার্যকরী সদস্য ওমর ফারুক শ্রাবণ, আব্দুল্লাহ আল ফারুক, কাজী মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস।
দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে কর্মসূচিতে অংশ নিয়েছিল অথচ পুলিশ তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। এছাড়া ডিবি কার্যালয়ে হুসাইনকে ২৬ ঘণ্টা আটকে রাখা হয়েছে, যা এক ধরনের গুম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
কার্যকরী সদস্য ওমর ফারুক শ্রাবণ বলেন, ‘আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ১৯ ও ২১ ধারায় প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার স্বীকৃত। অথচ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে বর্বরতা চালিয়েছে, তা স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।’
সংগঠনের সদস্য নওশীন নাওয়ার জয়া বলেন, “আমাদের শিক্ষক ও সাংবাদিকদের ওপর যে হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। উপদেষ্টার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। হুসাইনকে গুম করে রাখা হয়েছে, এটি ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ। এ ধরনের সংস্কৃতি চালু হতে দেওয়া যাবে না। সবাইকে সচেতন হতে হবে।’
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এভাবে হামলা শুধু ঘৃণ্যই নয়, বরং এটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয়েরও প্রতীক। একদলীয় মিছিলে এক ধরনের আচরণ আর শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কর্মসূচিতে ভিন্ন আচরণ—এই বৈষম্য সত্যিই বেদনাদায়ক।’
সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘শান্তিপূর্ণ লং মার্চে পুলিশের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, যা মানবাধিকারের চরম অপমান। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

