১৭ বছর দেশটা আইসিইউর মধ্যে ছিল: খাদ্যমন্ত্রী

১৭ বছর দেশটা আইসিইউর মধ্যে ছিল: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সবকিছু অর্জন করা তাড়াতাড়ি সম্ভব না। এই সরকারের বয়স মাত্র ৭ মাস। আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ১৭ বছর দেশটা দুর্দশার মধ্যে ছিল, দেশটা আইসিউর মধ্যে ছিল, দেশটাতে আস্তে আস্তে প্রাণ দেওয়া হচ্ছে। আমাদের দেশটা আস্তে আস্তে ভালো অবস্থায় চলে আসবে, যে দেশটাকে নিয়ে এবং আপনাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখছেন।’

বিজ্ঞাপন

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা স্কুল মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপির ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। তাই আমরা এমন কোনো কাজ করব না, যাতে আমাদের জনগণ কষ্ট পায়।’

এর আগে একই স্থানে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুলপোশাক ও স্কুলব্যাগ বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতা কে এম ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান অ্যাড. সাইফুদ্দিন আহমেদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বেতিলা স্কুলের প্রধান শিক্ষক মোতালেব হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, আলী আশরাফ, রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন