ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের দুটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (২৫ মার্চ) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এসব সাক্ষাতে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রথমে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন আকিকো ওয়াতানাবে, ইউকা ইওয়াদা এবং কোকোরো কামিতানি।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহের জন্য ধন্যবাদ জানান।
একই দিনে জাপানের শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো উপাচার্যের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে বায়ুদূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন।
উপাচার্য বলেন, পরিবেশ সুরক্ষায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আরও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

