পাঁচ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি

পাঁচ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনসহ ৫ দফা দাবি জানিয়েছে ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা । দাবি আদায়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সংগঠনের নেতারা।

রোববার উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন। এ সময়ে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে জীবনযাপন করতে হচ্ছে। এতে শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এতে আরো বলা হয়, নিরাপদ ক্যাম্পাস এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আশা করি প্রশাসন দ্রুত আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবে।

স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে আবাসন সংকট নিরসন, শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

উল্লেখ্য, স্মারকলিপি দেওয়ার পূর্বে সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলটি করেন তারা। এ সময় সাম্য হত্যার দ্রুত বিচারও দাবি করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন