অকালে চলে গেলেন ঢাবির আসমা আক্তার লিজা

অকালে চলে গেলেন ঢাবির আসমা আক্তার লিজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসমা আক্তার লিজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

লিজা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোরে।

বিজ্ঞাপন

সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার এবং ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা বলেন, তিনি হলে থাকতেন, পড়াশোনা করতেন, তারও আমাদের মতো কতো স্বপ্ন ছিলো, পরিবারের কতো আশা ছিলো, মৃত্যুর কাছে যেন এগুলো সব বৃথা। এই পবিত্র শুক্রবারে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমাদের হলের এক শিক্ষার্থী মারা গেছে। আমি হাসপাতালে উপস্থিত আছি।”

হলের আরেক শিক্ষার্থী আল ফরহাদ জানান, বাদ জুমা লিজার মরদেহ ক্যাম্পাসে আনা হবে এবং কেন্দ্রীয় মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন