ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ৪১ জন মেধাবী শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি, শহিদুল হক স্মৃতি বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তি লাভ করেছেন।
গতকাল রোববার (২৫ মে ২০২৫) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ড. নাফিজা ফেরদৌসী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁর বক্তব্যে প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা-জীবনে অনুপ্রেরণা ও সহায়তা হিসেবে কাজ করবে।’
২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেন।
এছাড়া, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ২২ জন শিক্ষার্থীকে প্রভোস্ট বৃত্তি এবং ২ জন শিক্ষার্থীকে শহিদুল হক স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন উর্দু, ফারসি, সমাজবিজ্ঞান, আইন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ফার্মেসি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

