জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।
সোমবার ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এই বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।
জেইউডিএস-এর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মীম। তাদের প্রস্তাবিত আইডিয়ার শিরোনাম ছিল— ‘জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব–২০২৫’।
বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে, যা পুরোপুরি আইডিয়াটি বাস্তবায়নে ব্যয় করা হবে। জেইউডিএস জানিয়েছে, তারা এই অর্থ একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসর্গ করেছে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “জুলাই বিপ্লবের ধারণাকে বুদ্ধিবৃত্তিক জায়গায় তরুণদের মাধ্যমে বেশি বেশি চর্চা হওয়ার মাধ্যমে জুলাইয়ের একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। বিতর্ক এই ন্যারেটিভ গঠনের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম।”
তিনি আরো বলেন, এ মাসের মধ্যেই বিতর্ক উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে।
জেইউডিএস সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “১০ লক্ষ টাকার মধ্যে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা জমা দেওয়ার সুযোগ ছিল। আমরা সেই সুযোগ কাজে লাগিয়েছি। জেলা প্রশাসক আমাদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছেন। ইনশাআল্লাহ, এ মাসেই বিতর্ক উৎসবটি অনুষ্ঠিত হবে।”
প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকারের দেওয়া এক তথ্য বিবরণীতে জানানো হয়, ১৫-৩০ বছর বয়সি তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দলীয়ভাবে যুব সংগঠন, বিতর্ক ক্লাব, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

