বগুড়ার শাজাহানপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ জালাল গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এর আগে মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শাবরুল তালপুকুর পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় দুটি চাপাতি ও ১৩টি ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পি হাসান (২১) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি শাবরুল হাটখোলা পাড়ার বাসিন্দা।
অন্যদিকে পৃথক অভিযানে জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডলসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাবরুল এলাকার ইউসুফ প্রামানিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামানিক (২৭), আকাশ প্রামানিক (১৯), কাইয়ুম প্রামানিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ আহমেদ (২০) এবং কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে মোট নয়টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও একটি বল্লম উদ্ধার করা হয়। এছাড়া পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ১১ জনকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

