জকসুর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষার্থীদের ভিড়

প্রতিনিধি, জবি

জকসুর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষার্থীদের ভিড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ আয়োজনে ১০টি ফ্রি মেডিক্যাল টেস্টসহ মোট ১১ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়াই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর আয়োজনে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। ৩০ জনেরও বেশি অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিচ্ছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মেডিক্যাল ক্যাম্প।

২০ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ জানান, জকসুর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় টেস্ট ও বেসিক মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, যা অনেকের জন্য খুবই উপকারী। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এখান থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। আমি মনে করি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো ভালো চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এক ছাদের নিচে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা অনেকটাই কমাবে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG ও USGসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

জকসুর আয়োজিত এই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে এই আয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...