হলে সিট বণ্টনের স্বচ্ছ নীতিমালা চায় ডাকসু

হলে সিট বণ্টনের স্বচ্ছ নীতিমালা চায় ডাকসু
ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও বৈষম্যহীন সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীদের একাংশ। তাদের অভিযোগ, নতুন সিট নীতিমালার আড়ালে পুনরায় গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত একটি স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে সন্ধ্যা ছয়টার দিকে ডাকসু নেতারা সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্লোগান দিতে দিতে প্রশাসনিক ভবনের গেট থেকে মিছিল নিয়ে সিন্ডিকেট সভাকক্ষের সামনে গিয়ে অবস্থান নেন এবং ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘শিক্ষার্থীবান্ধব নীতিমালা, দিতে হবে, দিয়ে দাও', 'স্বচ্ছ নীতিমালা, দিতে হবে–দিয়ে দাও', 'গণরুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'গেস্টরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা', 'গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা', 'আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'সে নো, গণরুম'সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তাদের হাতে 'গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা', 'আবাসনে রিঅ্যাড সমান গণরুম', 'গণরুমের ঠিকানা, ঢাবিতে হবে না' প্রভৃতি লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

কর্মসূচিতে বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ।

তিনি বলেন, আজকে সিন্ডিকেট সভা হতে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি, সভায় সিট নীতিমালা বাস্তবায়ন নিয়ে চক্রান্ত চলছে। গণরুম ও গেস্টরুম ব্যবস্থা পুনরায় বাস্তবায়নের পাঁয়তারা করা হচ্ছে। সেই পাঁয়তারা রুখে দিতেই আমরা সিন্ডিকেট মিটিং ঘেরাও কর্মসূচি দিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা বা রাজনৈতিক বিবেচনা গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে একটি সুস্পষ্ট, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব সিট বণ্টন নীতিমালা প্রণয়ন করতে হবে।

কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যা সাতটার দিকে সিন্ডিকেট সভাকক্ষের বাইরে অবস্থানকালে শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর পূর্বে সংঘটিত হামলার ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হক সজীব, রেজাউল করিম সোহাগ ও শান্টু বড়ুয়ার সঙ্গে কয়েকজন ডাকসু নেতার বাগ্‌বিতণ্ডা হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

উল্লেখ, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালেই সিট বণ্টন নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাতে এবং গণরুম ব্যবস্থা পুনর্বহালের আশঙ্কার প্রতিবাদে ডাকসুর একাংশ এই ঘেরাও কর্মসূচি পালন করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন